***নব গঠিত ২০২৩-২৪ কার্যকরী পর্ষদের সকলকে অভিনন্দন*** নতুন সদস্য ভর্তি চলছে... চলে আসুন মঙ্গলবার লিচু তলায়***

সংগঠনের দু'কথা

বাংলাদেশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় অবদান রেখে চলেছে, কারমাইকেল কলেজ তার অন্যতম। বৃটিশ ঔপনিবেশিক আমলে ১৯১৬ সালে রংপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে শহরের কোলাহল মুক্ত সবুজ বৃক্ষরাজি সুশোভিত লালবাগ এলাকার ৯শত বিঘা জমির উপর এক প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশে কলেজের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। প্রতিষ্ঠার দিক থেকে কারমাইকেল কলেজের জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়েরও আগে। 

ঐতিহাসিক ভাবে রংপুর জেলা একটি গুরুত্ব বহন করে। বাংলার বৃটিশ ও পাকিস্থান বিরোধী আন্দোলনের আঁকরভূমি হলো রংপুর। ফকির সন্যাসী বিদ্রহ থেকে ৭১’র মহান মুক্তিযুদ্ধে রংপুরবাসীর সক্রিয় ও স্বতস্ফুর্ত অংশগ্রহন ও ত্যাগ দেশে ও বিদেশে ঐতিহাসিকভাবে স্বীকৃত। 


অনেক বিশিষ্ট ব্যাক্তির স্মৃতি বিজড়িত জন্মস্থান ও ভাওয়াইয়া গানের পাদপীঠ এই রংপুর। এমন জাতীয় চেতনা সমৃদ্ধ অঞ্চলে কারমাইকেল কলেজের অবস্থান নিঃসন্দেহে গুরুত্ব বহন করে। 


কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে 'বিতর্ক পরিষদ' একটি উজ্জ্বল নাম। যার যাত্রা শুরু হয় ডিবেটিং সোসাইটি নামে ১৯৯৩ সালে। যুক্তিবাদী মানুষ গঠনের প্রত্যয়ে "বিতর্কের দ্বন্দে বিকশিত হোক সুন্দর"-এই স্লোগান নিয়ে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। প্রতি মঙ্গলবার বাংলা বিভাগের সামনে 'লিচু তলায়' সাপ্তাহিক অনুশীলনে বিতর্কের পাশাপাশি শুদ্ধ উচ্চারণ, কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান, উপস্থাপনা প্রভৃতি চর্চা করে। এই চর্চাকে পুঁজি করে ইতিমধ্যে অনেকবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিতর্কে অংশগ্রহন করে উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। এছাড়া পহেলা বৈশাখ ও প্রতিটি জাতীয় দিবসে যথাযোগ্য মর্যাদায় পালন ও কলেজ কতৃক আয়োজিত অনুষ্ঠানে সফলভাবে অংশগ্রহন করে আসছে। সময়ে সময়ে 'মনীষা' নামে প্রকাশনা বের করা হয়। ২০১৯ সালের অক্টোবরে যার ৮ম সংখ্যা প্রকাশিত হয়।

হাটি হাটি পা পা করে ২০১৮ সালে 'বিতর্ক পরিষদ' রজতজয়ন্তী উৎসব বর্ণাঢ্য আয়োজনে পালন করে। 



No comments:

Post a Comment